আবার ম্যানচেস্টার ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১ জুলাই থেকে পুণরায় চালু হবে এই ফ্লাইট। বুধবার (১১ মার্চ) বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘যাত্রীদের চাহিদা বিবেচনায় ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটটি হজ কার্যক্রম শেষে ১ জুলাই থেকে আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্লাইটের সময়সূচি এবং অন্যান্য তথ্য যথাসময়ে জানানো হবে।
গত ১ মার্চ থেকে ঢাকা-ম্যানচেস্টার রুটের সরাসরি ফ্লাইটটি ‘স্থগিত’ রেখেছে বিমান বাংলাদেশ। ফ্লাইট স্থগিতের ঘোষণা আসে গত জানুয়ারিতে।
ঘোষণার পর যুক্তরাজ্যে বিক্ষোভ দেখান প্রবাসীরা। বিষয়টি নিয়ে আলোচনা হয় ব্রিটিশ পার্লামেন্টেও।
গত ৪ জানুয়ারি বিমানের পক্ষ থেকে প্রথম দফা ঘোষণায় ১ ফ্রেব্রুয়ারি থেকে এই ফ্লাইট স্থগিতের কথা জানানো হয়। এর দুদিন পরেই জানানো হয়, স্থগিতের সিদ্ধান্ত এক মাস পেছানো হয়েছে। অর্থাৎ ১ মার্চ থেকে বন্ধ হয় এই ফ্লাইট।
ফ্লাইট স্থগিতকরণের কারণ হিসেবে বলা হয়, উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম পরিচালনা, উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিতে ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা ফ্লাইট ১ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন