বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের দোকান, শপিংমল ও বিপণিবিতানগুলোতে বাইরের আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে কয়েকটি নির্দেশনা নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিদ্যুৎ বিভাগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে ‘বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়’ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে কয়েকটি পদক্ষেপ বাস্তবায়নে সম্মতি দেন। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠানের বাইরের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে।
এ ছাড়া শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, দোকান বা প্রতিষ্ঠান বন্ধ করার সঙ্গে সঙ্গেই সাইনবোর্ডের আলো বন্ধ রাখতে হবে।
সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা জানান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্যোগে সরকারকে সহযোগিতা করতে তারা এসব সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবেন।
বৈঠকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে ছিল বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন