উৎসবের আমেজ নিয়ে সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি সম্পন্ন। বরাবরের মতো এবারও রাজধানী ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এই ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে।
জানা যায়, জাতীয় ঈদগাহের এই প্রধান জামাতে প্রধানমন্ত্রী তারেক রহমান, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
এবারের জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
তবে প্রতিকূল আবহাওয়া কারণে জাতীয় ঈদগাহে জামাত সম্ভব না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বরাবরের মতো এবারও পাঁচটি জামাতের আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সকাল ৭টা, ৮টা, ৯টা এবং ১০টায় যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে।
সবশেষ পঞ্চম জামাতটি হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় এবং আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠেও সকাল ৮টায় ঈদ জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
এদিকে, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদুল ফিতরের ১৯৯তম জামাত অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জের এই মাঠে সকাল ১০টায় অনুষ্ঠেয় জামাতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মো. সাইফুল্লাহ।
মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ‘শোলাকিয়া এক্সপ্রেস-১’ ও ‘শোলাকিয়া এক্সপ্রেস-২’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।
অন্যদিকে, আয়তনের দিক থেকে দেশের অন্যতম বৃহত্তম জামাত হবে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে। প্রায় ২২ একর আয়তনের এই মাঠে সকাল ৯টায় জামাত শুরু হবে, যেখানে ৫ থেকে ৬ লাখ মানুষের সমাগমের আশা করছেন আয়োজকরা।
ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতেও ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম নগরীতে প্রধান জামাত হবে সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে।
বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত হবে, যেখানে প্রথমবারের মতো নারীদের নামাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
সিলেটে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, খুলনার সার্কিট হাউস ময়দানে সকাল ৮টায় এবং রংপুরের কালেক্টরেট ঈদগাহে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত হবে।
আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান ঈদ জামাত ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন