রাজধানীর বাড্ডা এলাকায় একটি ফিলিং স্টেশনকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ঈদ উপলক্ষে ৫ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মেরুল বাড্ডার জামান ফিলিং স্টেশনের ম্যানেজার শরজিত কুমারকে ফোন করে ‘তারিক’ নামের এক ব্যক্তি চাঁদা দাবি করেন। ফোনে তিনি বলেন, ‘ব্যবসা করতে চাইলে ঈদে ৫ লাখ আর প্রতি মাসে ২ লাখ টাকা দিতে হবে। এর ব্যত্যয় হলে ব্যবসা করতে পারবে না। আমাদের সঙ্গে সমঝোতা না করলে সমস্যায় পড়বে। তোমার মালিককে বলো আমাদের বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে আজকের মধ্যেই সমাধান করতে হবে।’
এর আগে গত মঙ্গলবার ৮ থেকে ১০ জনের একটি দল ওই ফিলিং স্টেশনে গিয়ে একই দাবিতে হুমকি-ধমকি দিয়ে যায় বলেও জানা গেছে।
ফিলিং স্টেশনের মালিক মোনতাকা জামান কাপ্পি অভিযোগ করে বলেন, তার ম্যানেজারকে ফোনে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করা হয়েছে। চক্রটির সদস্যরা নিজেদের ‘বড় ভাইয়ের’ সঙ্গে সমঝোতার কথা বলে ব্যবসা পরিচালনায় বাধা দেওয়ার হুমকি দিয়েছে। ঘটনার পর এ বিষয়ে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমীন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি যে মোবাইল নম্বর থেকে চাঁদা দাবি করা হয়েছে, সেটিও ট্র্যাক করার কাজ চলছে।
পুলিশ বলছে, ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


