ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৭:১০ এএম
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় তারা জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন এবং নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৭টার মধ্যে তিনি ঢাকায় ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।

এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী দেশের জনগণ ও প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ২৬ মার্চ জাতির গৌরবময় ও ঐতিহাসিক দিন। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা, নির্যাতিত নারী এবং স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।