প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তারেক রহমানের ব্যবহৃত সরকারি গাড়িতে জাতীয় পতাকা সংযুক্ত করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাওয়া-আসার সময় তার বহনকারী গাড়িতে জাতীয় পতাকা উড়তে দেখা যায়।
একই গাড়িতে করেই তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন।
এদিন ভোরে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলের করুণ সুর বেজে ওঠে।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, কূটনীতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে দলীয় প্রধান হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। একইসঙ্গে মন্ত্রিপরিষদের পক্ষ থেকেও তিনি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর প্রধানমন্ত্রী উপস্থিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন