ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০২:৩৭ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি- সংগৃহীত

কালোবাজারিরা জ্বালানি তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (২৭ মার্চ) গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। 

জ্বালানিমন্ত্রী বলেন, দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে, তবে কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে।

এদিকে, জ্বালানি সংকটে আজও বন্ধ রয়েছে রাজধানীর অনেক ফিলিং স্টেশন। যেগুলোতে তেল আছে সেসব ফিলিং স্টেশনের সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। জ্বালানি না পেয়ে বিপাকে পড়েছেন বাস, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকেরা। অনেকেই সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন জ্বালানি পাওয়ার আশায়।

এর আগে, বৃহস্পতিবার (২৬ মার্চ) জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।