এসি বাসের ভাড়া নির্ধারণে সরকারি উদ্যোগ শুরু হয়েছে বলে জানিয়েছেন শেখ রবিউল আলম। তিনি বলেন, এতদিন এসি বাসের ভাড়া সরকার নিয়ন্ত্রণ করত না, তবে এখন তা নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সড়ক নিরাপত্তা জোরদার-সংক্রান্ত এক সভা শেষে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, কয়েকটি দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক ছিল। যেখানে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে, সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। নন-এসি বাসের পাশাপাশি এসি বাসের ভাড়াও নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আগামী ঈদেও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
সভা শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, মহাসড়কে যত্রতত্র বাস কাউন্টার স্থাপন করা যাবে না। শতভাগ যাত্রী নামিয়ে গাড়ি ফেরিতে উঠাতে হবে। সব গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হবে, যার মাধ্যমে রুট পরিবর্তন, অতিরিক্ত গতি ও অন্যান্য অনিয়ম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
সড়ক পরিবহনমন্ত্রী জানান, সরকারি হিসাবে ঈদযাত্রার ১১ দিনে সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহাসড়কে ৪৭ জন, নৌপথে ৮ জন, রেলপথে ১৭ জন এবং অন্যান্য দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হয়। গত বছর একই সময়ে ১৮৭ জনের মৃত্যু হয়েছিল।


