ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশে ‘মব কালচার’ চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৬:৫১ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি- সংগৃহীত

সরকার দায়িত্ব নেওয়ার পর খুব অল্প সময় হয়েছে, তবে ইতোমধ্যে ‘মব কালচার’ বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। বাংলাদেশে কোনো ধরনের মব কালচার চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সম্পূরক প্রশ্নে অংশ নিয়ে অতীতের বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন এবং সাম্প্রতিক সময়ে ‘মব কালচার’-এর বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রুমিন ফারহানা।

 তিনি বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ঘটনায় ২৫০-৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তিনি এ প্রবণতা বন্ধে সরকারের পদক্ষেপ জানতে চান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার দায়িত্ব নেওয়ার পর খুব অল্প সময় হয়েছে, তবে ইতোমধ্যে ‘মব কালচার’ বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। বাংলাদেশে কোনো ধরনের মব কালচার থাকতে দেওয়া হবে না।’ এ বিষয়ে শিগগিরই বিস্তারিত বক্তব্য দেওয়ার ইচ্ছার কথাও জানান তিনি।

তিনি বলেন, সব ঘটনাকে একভাবে ‘মব’ হিসেবে চিহ্নিত করা ঠিক নয়-কিছু ঘটনা সংগঠিত অপরাধ, যেগুলোর বিরুদ্ধে নিয়মিত মামলা, তদন্ত ও বিচার প্রক্রিয়া চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তা অবরোধ বা সহিংসতার মাধ্যমে দাবি আদায়ের প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি উত্থাপন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া, সেমিনার-সিম্পোজিয়াম বা জনসমাবেশের মাধ্যমে মত প্রকাশের সুযোগ রয়েছে এবং সরকার তা নিশ্চিত করবে।