প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুইজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছে। তারা হলেন ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল) এবং মো. সাইয়েদ বিন আবদুল্লাহ। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাইয়েদ বিন আবদুল্লাহকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) হিসেবে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তিনি দায়িত্ব পালন করবেন। দায়িত্বে থাকাকালে অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকার সুযোগ থাকবে না।
অন্যদিকে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ড. শাকিরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। তিনিও একই শর্তে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন।
ড. শাকিরুল ইসলাম খান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক। বর্তমানে তিনি জাপানের ওইতা ইউনিভার্সিটি-এর ফ্যাকাল্টি অব মেডিসিনের মাইক্রোবায়োলজি বিভাগে কর্মরত এবং একটি গবেষণা কেন্দ্রের সঙ্গেও যুক্ত আছেন।
তার গবেষণার ক্ষেত্র ডেঙ্গু, বার্ড ফ্লু, হেপাটাইটিস, কোভিড-১৯, জলাতঙ্ক ও নিপাহ ভাইরাসসহ বিভিন্ন সংক্রামক রোগ। এছাড়া গবাদিপশু ও পোলট্রি উৎপাদন ও সংরক্ষণ নিয়েও কাজ করেছেন তিনি।
একাডেমিক জীবনে তিনি জাপানের এহিমে ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া-তে গবেষণা ফেলো হিসেবে কাজ করেছেন। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে গবেষণা ও শিক্ষকতায় যুক্ত এই গবেষকের আন্তর্জাতিক মানের জার্নালে ১৫০টিরও বেশি প্রকাশনা রয়েছে।
সরকারের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এ নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


