জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (৩১ মার্চ) জর্জিয়া স্টেট সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে এ সংক্রান্ত একটি বিশেষ রেজুলেশন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের হাতে তুলে দেন অঙ্গরাজ্যটির গভর্নর ব্রায়ান পি. কেম্প।
জর্জিয়া স্টেট সিনেটের রিপাবলিকান ও ডেমোক্রেট—উভয় দলের সমর্থনে গৃহীত এ রেজুলেশনের মাধ্যমে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও প্রশংসা জানানো হয়।
রেজুলেশনটি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান।
এর আগে একই দিন সকালে সেনাবাহিনী প্রধান গভর্নর ব্রায়ান পি. কেম্পের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন। বৈঠকে সামরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পরে সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সিনেট অধিবেশনে অংশ নেয়। এ সময় তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোন্সের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন