রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্য রানওয়ের একটি লাইন লাইট ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে রানওয়ে বন্ধ রাখা হয়। এতে প্রায় ১৫ মিনিট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম বন্ধ থাকে।
শনিবার (৪ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, ওই সময় নভোএয়ার–এর একটি ফ্লাইট অবতরণের পর পাইলট দেখতে পান, রানওয়ের মাঝখানে থাকা সাদা লাইন লাইটটি নির্ধারিত স্থান থেকে সরে গিয়ে ভেঙে বের হয়ে আছে। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) অবহিত করেন। পরে নিরাপত্তার স্বার্থে রানওয়ে বন্ধ ঘোষণা করা হয়।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, লাইন লাইট পাইলটদের উড্ডয়ন ও অবতরণের সময় রানওয়ের কেন্দ্ররেখা ধরে চলতে সহায়তা করে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এ ধরনের ত্রুটি দেখা দিলে রানওয়ে বন্ধ রাখা বাধ্যতামূলক।
রানওয়ে বন্ধ থাকায় কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর বিজি-৩৯৬ ফ্লাইটকে আকাশে চক্কর দিতে নির্দেশ দেওয়া হয়। এতে নির্ধারিত সময়ে অবতরণ সম্ভব হয়নি। এ ছাড়া এমিরেটস–এর ইকে-৫৮৭ ফ্লাইটসহ ঢাকা থেকে দুবাই ও ওমানের মাস্কাটগামী আরও একটি ফ্লাইটের কার্যক্রমেও সাময়িক প্রভাব পড়ে।
পরে দ্রুত ত্রুটি মেরামত করা হলে রাত ৮টা ৬ মিনিটের পর আবার উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্বাভাবিক হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রানওয়ে পরীক্ষা শেষে স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।

