সরকার গঠনের পর আজ সোমবার (৬ এপ্রিল) প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক বসছে। এতে অবকাঠামো, পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতের অগ্রাধিকার প্রকল্পগুলো গুরুত্ব পেতে যাচ্ছে।
সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে প্রাথমিকভাবে ১৮টি প্রকল্প উপস্থাপনের কথা থাকলেও শেষ পর্যন্ত ১৭টি প্রকল্প উঠতে পারে। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা। এর মধ্যে ৯টি নতুন প্রকল্প রয়েছে। পাশাপাশি পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্পও বৈঠকে উপস্থাপন করা হবে।
তবে এবারের বৈঠকে আলোচিত ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’ বাদ পড়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফারাক্কা বাঁধের প্রভাব মোকাবিলায় এই প্রকল্পটি প্রস্তাব করা হয়েছিল। প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা।
এদিকে বৈঠকে নদী ও পানি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল অবকাঠামো, সড়ক উন্নয়ন, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতের একাধিক প্রকল্প গুরুত্ব পেতে পারে।
এর মধ্যে রয়েছে করতোয়া নদী সিস্টেম উন্নয়ন (বগুড়া ও গাইবান্ধা), ময়মনসিংহে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, রাজধানীতে জরুরি পানি সরবরাহ ব্যবস্থা, সীমান্ত সড়ক নির্মাণ, আইটি ট্রেনিং সেন্টার স্থাপন এবং বিভিন্ন বিভাগে মা ও শিশুস্বাস্থ্য উন্নয়নে মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্প।
বৈঠকে মোট ১৭টি প্রকল্পের মধ্যে চারটি নদী, পানি ও জলবায়ু সংশ্লিষ্ট, পাঁচটি অবকাঠামো উন্নয়ন, তিনটি সড়ক নির্মাণ, দুটি স্বাস্থ্য খাতের এবং একটি করে প্রযুক্তি ও অংশীদারিত্বমূলক উন্নয়ন প্রকল্প রয়েছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো আগামী উন্নয়ন অগ্রাধিকারের দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। তবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও ব্যয় নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
অর্থনীতিবিদ অধ্যাপক মো. আইনুল ইসলাম বলেন, অবকাঠামো ও জলবায়ু খাতে উদ্যোগ ইতিবাচক হলেও বাস্তবায়ন পর্যায়ে দুর্নীতি ও ব্যয় বৃদ্ধি রোধে কঠোর নজরদারি প্রয়োজন।
বিশ্লেষকদের মতে, এই প্রথম একনেক বৈঠকের সিদ্ধান্তই সরকারের উন্নয়ন কৌশলের প্রাথমিক দিকনির্দেশনা নির্ধারণ করবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন