সংসদ অধিবেশনে শৃঙ্খলা ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি মন্তব্য করেন, ‘এটি শাহবাগ স্কয়ার নয়, এটি জাতীয় সংসদ’ এখানে আচরণে সংযম ও নিয়ম মেনে চলা জরুরি।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যার পর অধিবেশন চলাকালে এ মন্তব্য করেন স্পিকার। তিনি বলেন, সংসদে অতিরিক্ত উত্তেজনা বা অসহিষ্ণুতা গ্রহণযোগ্য নয়। বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে এবং অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, মৌখিক আলোচনার সুযোগ সীমিত হওয়ায় প্রয়োজনীয় বিষয়ে লিখিত নোটিশ দেওয়ার নিয়ম অনুসরণ করা উচিত।
স্পিকার আরও বলেন, আইনমন্ত্রীর বক্তব্য গুরুত্বসহকারে বিবেচনা করা যেতে পারে। কোনো বিষয়ে মতপার্থক্য থাকলে পারস্পরিক আলোচনা করে পরবর্তী অধিবেশনে সংশোধনী বিল আনার পরামর্শ দেন তিনি। এ ধরনের প্রস্তাব সরকার পক্ষ ইতিবাচকভাবে বিবেচনা করবে বলেও আশা প্রকাশ করেন।
সংসদের সার্বিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে স্পিকার বলেন, একটি বড় রাজনৈতিক পরিবর্তনের পর এই সংসদ গঠিত হয়েছে এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সংসদে শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক দিক।

