দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, চলতি এপ্রিলসহ আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই।
বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং আগামী দুই মাসে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না।
ব্রিফিংয়ে তিনি উদ্ধার অভিযান ও মজুত পরিস্থিতির বিস্তারিত তুলে ধরে জানান, ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে মোট ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত তেলের মধ্যে রয়েছে ডিজেল ৩ লাখ ৬৬ হাজার লিটার, অকটেন ৩৯ হাজার ৭৭৬ লিটার এবং পেট্রোল ৮৭ হাজার ৯৫৯ লিটার। এ ছাড়া সম্প্রতি চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে মোট ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
বর্তমান মজুত পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশে ডিজেল মজুত রয়েছে ১ লাখ ১ হাজার ৩৮৫ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১১ টন, ফার্নেস অয়েল ৭৭ হাজার ৫৪৬ টন এবং জেট ফুয়েল রয়েছে ১৮ হাজার ২২৩ টন।


