ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাংবাদিক ইকবাল সোবহানকে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১০:২৫ এএম
ইকবাল সোবহান চৌধুরী। ছবি : সংগৃহীত

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যেতে গিয়ে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তাকে আটকে দেওয়া হয়।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে তিনি সৌদি আরবের জেদ্দাগামী একটি ফ্লাইটে যাত্রার জন্য বিমানবন্দরে পৌঁছান। সৌদিয়া এয়ারলাইন্সের ওই ফ্লাইটে তার যাওয়ার কথা থাকলেও ইমিগ্রেশন পর্যায়ে তাকে আর ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি।

বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, ইকবাল সোবহান চৌধুরী ওমরাহ পালনের জন্য জেদ্দা যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। তবে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট একাধিক মামলার অভিযোগ থাকায় ইমিগ্রেশন বিভাগের তালিকায় তার পাসপোর্ট আটকে রাখা ছিল।

এ পরিস্থিতিতে দুপুর প্রায় ২টা ১০ মিনিটে তাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। পরে বিষয়টি নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ঘটনার পর তিনি বিমানবন্দর ত্যাগ করে নিজ বাসায় ফিরে যান।

উল্লেখ্য, ইকবাল সোবহান চৌধুরী দেশের গণমাধ্যম অঙ্গনের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।