ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আজ সংসদে আলোচনা হতে পারে যেসব বিষয়ে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ১২:৩৪ পিএম
জাতীয় সংসদ ভবন। ছবি : সংগৃহীত

আজ বিকেলে জাতীয় সংসদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হতে পারে। প্রশ্নোত্তর পর্ব থেকে শুরু করে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবসহ দেশের গুরুত্বপূর্ণ জনসেবা, অবকাঠামো ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে।

রোববার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় জাতীয় সংসদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। 

কার্যসূচি অনুযায়ী, দিনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এ পর্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগ-সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে।

এরপর বিধি-৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি এবং গৃহীত নোটিশগুলোর ওপর আলোচনা হবে।

এ আলোচনায় কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলম ‘তিস্তা মহাপরিকল্পনা প্রণয়ন’ বিষয়ে পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। 

এ ছাড়া মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে পর্যটকদের সুবিধার্থে একটি ছোট বেসামরিক বিমানবন্দর স্থাপনের বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।

অন্যদিকে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী কৃষকদের জন্য বিনা সুদে ঋণ প্রদান এবং সুলভ মূল্যে সার, বীজ, কীটনাশক ও কৃষিযন্ত্র সরবরাহের বিষয়ে কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।

এ ছাড়া বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়েও আলোচনা অনুষ্ঠিত হবে।