দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ১২৫ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩৫ দশমিক ১২ বিলিয়ন ডলার। বুধবার (২২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ২১ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস (মোট) রিজার্ভ এ পর্যায়ে পৌঁছেছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর বিপিএম-৬ (BPM6) হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৪৫৯ দশমিক ০১ মিলিয়ন ডলার।
এর আগে ১৬ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৩৮ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ৩৬৬ দশমিক ২৪ মিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে। এ ক্ষেত্রে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

