সরকার নতুন বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশনসহ সংশ্লিষ্ট তিনটি কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি পুনর্গঠন করেছে। ফলে পে-স্কেল নিয়ে সুখবর আসতে পারে বলে বিশ্লেষক মহলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন, ২০২৫’ এবং ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’-এর প্রতিবেদনের ওপর সুপারিশ প্রণয়নের জন্য ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন— প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার; পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আইন ও বিচার বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিবরা। এছাড়া হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে— উল্লিখিত তিনটি কমিশনের জমাকৃত প্রতিবেদনসমূহে বেতনসংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা করা এবং পরবর্তী করণীয় সম্পর্কে সরকারের কাছে সুপারিশ প্রদান করা। নির্ধারিত সময়ে কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটির সচিবালয়গত সহায়তা দেবে অর্থ বিভাগ এবং প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারির এক স্মারকের অনুবৃত্তিতে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হয়েছে।


