পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি মৌসুমে বাংলাদেশি হাজিদের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। মঙ্গলবার (২৮ এপ্রিল) মক্কার বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
হজ অফিস জানায়, সর্বশেষ সোমবার (২৭ এপ্রিল) মদিনায় মারা যান জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা ৬১ বছর বয়সী মো. আব্দুল হাই। একই দিনে মক্কায় ইন্তেকাল করেন শেরপুরের শ্রীবরদী উপজেলার ৫৮ বছর বয়সী মো. আবদুল্লাহ আল মামুন।
কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুজনই স্বাভাবিক কারণে মারা গেছেন। এখন পর্যন্ত মৃতদের মধ্যে পাঁচজন মক্কায় এবং একজন মদিনায় মৃত্যুবরণ করেছেন।
জানা যায়, মো. আব্দুল হাই বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৮টার দিকে মদিনার কিং ফাহাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার সহধর্মিণী ও সফরসঙ্গী সমসাদ আরা রেবা।
আব্দুল হাই জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন।
এর আগে, ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মারা যান। মৃত ছয়জনই পুরুষ।
অন্যদিকে, হজযাত্রী পরিবহন কার্যক্রম অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৯২টি ফ্লাইটে মোট ৩৬ হাজার ৯৯৬ জন বাংলাদেশি হাজি সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ জন।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


