ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মহান মে দিবস আজ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১, ২০২৬, ০৭:৫৬ এএম
প্রতীকী ছবি

আজ মহান মে দিবস—বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীকী দিন। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ঐতিহাসিক সংগ্রামকে স্মরণ করে বিশ্বব্যাপী পালিত হচ্ছে দিনটি। বাংলাদেশ-এও রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য—‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’।

মে দিবসের ইতিহাসের সূচনা ১৮৮৬ সালে শিকাগো শহরে শ্রমিকদের আন্দোলনের মধ্য দিয়ে। শিল্প বিপ্লব-পরবর্তী সময়ে দিনে ১০ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে বাধ্য হওয়া শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে নামেন। ১ মে শুরু হওয়া সেই ধর্মঘট ও বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল শিকাগো।

এর ধারাবাহিকতায় ৪ মে সংঘটিত হে মার্কেট বোমা বিস্ফোরণ ও পুলিশের গুলিতে কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হন। পরে কয়েকজন শ্রমিক নেতাকে বিতর্কিত বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হলে তা বিশ্বব্যাপী প্রতিবাদের জন্ম দেয় এবং শ্রমিক আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে।

পরবর্তীতে ১৮৮৯ সালে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে'কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে দিনটি বিশ্বজুড়ে শ্রমিক অধিকার ও ন্যায্যতার প্রতীক হিসেবে পালিত হচ্ছে।

বর্তমানে বিশ্বের ৮০টির বেশি দেশে ১ মে সরকারি ছুটি হিসেবে পালিত হয়। বাংলাদেশেও সরকারি ছুটির পাশাপাশি আলোচনা সভা, র‌্যালি ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এদিকে, রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এতে অংশ নেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।