সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের নামে ভারত থেকে গরু আমদানির কথিত একটি অনুমতিপত্র ছড়িয়ে পড়েছে। বিষয়টি নজরে আসার পর শনিবার (২ মে) জরুরি সতর্কবার্তা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, প্রচারিত এই নথিটি সম্পূর্ণ জাল, বিভ্রান্তিকর এবং পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। এর সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের কোনো আনুষ্ঠানিক অনুমোদন বা সরকারি প্রক্রিয়ার মিল পাওয়া যায়নি।
প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, আলোচিত অনুমতিপত্রটি তাদের পক্ষ থেকে ইস্যু করা হয়নি। এতে উল্লেখ থাকা তথ্য, রেফারেন্স নম্বর ও স্বাক্ষরের সত্যতা নিশ্চিত করা সম্ভব নয়। ফলে এটি কোনোভাবেই বৈধ সরকারি অনুমোদন হিসেবে গ্রহণযোগ্য নয়।
এ পরিস্থিতিতে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাইকে যাচাই-বাছাই ছাড়া এমন ভুয়া নথির ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য বা জাল কাগজপত্র শেয়ার ও প্রচার থেকে বিরত থাকার অনুরোধও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুজব বা ভুয়া তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। নির্ভুল তথ্যের জন্য সবাইকে প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ও বিশ্বস্ত সরকারি সূত্র অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন