জলাবদ্ধতা নিরসনে সারা দেশে খাল খনন কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সিলেট নগরীতে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতিরিক্ত হারে ভূগর্ভস্থ পানি উত্তোলন বড় ধরনের পরিবেশগত ঝুঁকি তৈরি করছে। কৃষিকাজসহ বিভিন্ন প্রয়োজনে পানি উত্তোলনের ফলে পরিস্থিতি ধীরে ধীরে জটিল হয়ে উঠছে। এই সংকট মোকাবিলায় খাল খননকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বৃষ্টিপাতের কারণে হাওরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরিকল্পিত সড়ক নির্মাণ ফসলের ক্ষতি করতে পারে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে তা পর্যায়ক্রমে ১,২০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান সরকারপ্রধান।
এর আগে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সফরের শুরুতেই তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। পরে নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নেন।
বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিমানবন্দর ও নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।


