সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণ ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ মে) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত এবং মোহাম্মদ আবুল হাসান।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সামগ্রিক জ্বালানি পরিস্থিতি নিয়ে একটি উপস্থাপনা দেওয়া হয়। কমিটি বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে।
এছাড়া, চলমান জ্বালানি পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয় এবং সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। পরবর্তীতে আরও বৈঠক করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন এবং তা সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


