ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফলাফল চুরি করেছে : হাসনাত আবদুল্লাহ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৪:৪৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, অতীতের সরকার ভোট চুরি করলেও বর্তমান সরকার ভোটের ফলাফল চুরি করেছে।

রোববার (১৯ জুলাই) রাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা এনসিপির আহ্বায়ক মো. হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নাছিমদৌল্লাহ হিরু।

হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতের সরকার ভোট চুরি করত, কিন্তু এই সরকার ভোট হওয়ার পরে ফলাফল চুরি করেছে। তারা একটি ভোটের মাধ্যমে সরকার গঠন করলেও আরেকটি ভোটকে অস্বীকার করছে। আমরা দেখেছি ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীও নির্বাচনী প্রচারণায় ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চেয়েছিলেন, কিন্তু তিনি সেই নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেননি।

তিনি আরও বলেন, আমরা একসময় পড়েছিলাম— ‘পথিক, তুমি পথ হারাইয়াছ’। এখন দেখি বিএনপি তার পথ হারিয়েছে। কিছু নেতার কুপরামর্শে দলটি ভুল পথে এগোচ্ছে। সরকার যদি জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে জনগণ বিকল্প তৈরি করতে সময় নেবে না।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও তা আর কমানো হয়নি। বিদ্যুতের লোডশেডিং এমন পর্যায়ে পৌঁছেছে যে গ্রামাঞ্চলে বিদ্যুৎ মাঝেমধ্যে আসে, বেশির ভাগ সময় থাকে না। সরকার যেন বিদ্যুতের পরিবর্তে মানুষের হাতে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে।

তিনি অভিযোগ করেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ও চাকরিজীবীরা কষ্টে জীবনযাপন করছেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।