দেশের বিমান পরিবহন খাতকে আরও আধুনিক ও বিশ্বমানের পর্যায়ে নিতে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে সরকার বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, জাতীয় বিমান বহরে আন্তর্জাতিক মানসম্পন্ন উড়োজাহাজ সংযোজনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৪ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশের বর্তমান বিমান বহরে আন্তর্জাতিক রুটে চলাচলকারী উড়োজাহাজ থাকলেও সেগুলোকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করতে নতুন সংযোজন প্রয়োজন। সেই লক্ষ্যেই ১৪টি বোয়িং উড়োজাহাজ ক্রয়ের জন্য ইতোমধ্যে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। পাশাপাশি বহর সম্প্রসারণে আরও কিছু উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
তিনি জানান, দেশের যেসব বিমানবন্দর দীর্ঘদিন ধরে অব্যবহৃত রয়েছে, সেগুলো সংস্কার করে পুনরায় চালু করা হবে। এসব বিমানবন্দরকে অভ্যন্তরীণ রুটে কার্যকরভাবে ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হয়।
ডিসি সম্মেলনের আলোচনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলায় থাকা বিমানবন্দরগুলোর উন্নয়ন, পরিচালনা ও সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। স্থানীয় পর্যায়ে এসব অবকাঠামো কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের পর্যটন শিল্পের বিকাশ নিয়েও সম্মেলনে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। বিশেষ করে কক্সবাজার, কুয়াকাটা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রকে কেন্দ্র করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার ওপর জোর দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, চলতি বছরের ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করা সম্ভব হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন