রাজধানীর একটি বিয়ের অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হয়ে অতিথিদের চমকে দেওয়ার পর এবার নবদম্পির জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গুলশানে নবদম্পির বাসায় গিয়ে উপহার পৌঁছে দেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও তাদের হাতে তুলে দেন।
অপ্রত্যাশিত এই সৌজন্যে নবদম্পি ও তাদের পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন। তারা প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও জানান।
এর আগে শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির একটি দিনব্যাপী সভা শেষে পাশের একটি বিয়ের অনুষ্ঠানে আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রী। তার আগমনে অনুষ্ঠানে থাকা অতিথিদের মধ্যে উৎসাহ ও কৌতূহলের সৃষ্টি হয়।
জানা যায়, প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর সময় বর তখনও সেখানে উপস্থিত হননি। এসময় তিনি নববধূ ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। পরদিন প্রধানমন্ত্রীর পাঠানো উপহার হাতে পেয়ে পরিবারের সদস্যদের আনন্দ আরও বাড়ে।
ব্যস্ত রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যেও সামাজিক আয়োজনে প্রধানমন্ত্রীর এমন অংশগ্রহণ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। নবদম্পির পরিবারের ভাষ্য, এটি জনগণের সঙ্গে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্কের একটি ব্যতিক্রমী উদাহরণ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন