ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইরানে আবারও বড় ধরনের হামলার কথা ভাবছেন ট্রাম্প: সিএনএন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৮:১০ এএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ায় দেশটির ওপর আবারও হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছে একাধিক সূত্র।

মঙ্গলবার (১২ মে) সিএনএন –এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহের তুলনায় ট্রাম্পকে এখন ইরানে হামলার বিষয়ে আরও বেশি সিরিয়াস মনে হচ্ছে।

সূত্রগুলোর বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের আলোচনার ধরণে ট্রাম্প হতাশ হয়েছেন। একই সঙ্গে হরমুজ প্রণালী পরিস্থিতি নিয়ে উদ্বেগ এবং রাজনৈতিক জটিলতায় তিনি অধৈর্য হয়ে পড়েছেন।

ট্রাম্পের ধারণা, ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিভাজনের কারণে দেশটি পারমাণবিক কর্মসূচি নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারছে না।

আলোচনায় যুক্ত একটি সূত্র দাবি করেছে, ইরান যুদ্ধবিরতি প্রস্তাবের জবাবে যে শর্ত দিয়েছে, তাতে প্রশ্ন উঠেছে তারা সত্যিই আলোচনায় আগ্রহী কি না।

সূত্রগুলো আরও জানায়, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) একটি অংশ ইরানে নতুন করে হামলার পক্ষে অবস্থান নিয়েছে। তাদের মতে, সামরিক চাপ বাড়ালে ইরান দুর্বল হয়ে আলোচনায় ফিরতে বাধ্য হবে।

তবে অন্য একটি অংশ কূটনৈতিক পথেই সমাধান খুঁজতে আরও সময় দেওয়ার পক্ষে।

এদিকে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বলে জানা গেছে। তাদের সন্দেহ, পাকিস্তান কি সত্যিই ট্রাম্পের অসন্তোষের বার্তা ইরানের কাছে সঠিকভাবে পৌঁছে দিচ্ছে।

মধ্যপ্রাচ্যের এক কর্মকর্তা আবার দাবি করেছেন, পাকিস্তান ও কয়েকটি আঞ্চলিক দেশ ইরানকে সতর্ক করেছে যে, এটি আলোচনার শেষ সুযোগ হতে পারে। তবে ইরান এসব সতর্কতা উপেক্ষা করছে বলেও তিনি অভিযোগ করেন।

বর্তমান পরিস্থিতিতে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন করে উত্তেজনার দিকে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র : সিএনএন