দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
বুধবার (১৩ মে) সকালে রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘অন-গ্রিড সোলার প্রজেক্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো এর তরুণ সমাজ ও মানবসম্পদ। এই সম্পদকে দক্ষভাবে গড়ে তুলতে পারলে দেশের উন্নয়নের গতি আরও বাড়বে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ও আধুনিকায়ন প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
এহছানুল হক মিলন বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতিকে বিশ্বমঞ্চে এগিয়ে নেওয়া বা প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। তাই দক্ষ মানবসম্পদ গঠনে মানসম্মত ও আধুনিক শিক্ষার বিকল্প নেই।
অনুষ্ঠানে তিনি নবায়নযোগ্য জ্বালানি খাতে এমন উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তার মতে, এ ধরনের প্রকল্প শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন