ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০১:৩০ পিএম
ছবি : সংগৃহীত

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে বাংলাদেশি মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

সোমবার (১৮ মে) সকালে মক্কার বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

মারা যাওয়া দুই হজযাত্রী হলেন: ফেনীর সোনাগাজীর বাসিন্দা সাজেদা বেগম (৫৬) এবং ঢাকার তেজগাঁওয়ের বাসিন্দা এন এম মনিরুল হক (৪৪)।

হজ অফিস সূত্রে জানা গেছে, সাজেদা বেগম মদিনায় স্বাভাবিক কারণে মারা যান। অন্যদিকে এন এম মনিরুল হক মক্কায় অবস্থানকালে মৃত্যুবরণ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মৃত্যুর কারণ স্বাভাবিক।

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত মারা যাওয়া ১৭ বাংলাদেশি হজযাত্রীর মধ্যে ১২ জন পুরুষ এবং ৫ জন নারী রয়েছেন।

এদিকে, সোমবার সকাল পর্যন্ত মোট ৬২ হাজার ৫২৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৮ হাজার ৮৪ জন।

হজ অফিস জানিয়েছে, এখন পর্যন্ত ১৬১টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন।

হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সৌদি আরবে বাংলাদেশি মেডিকেল টিমের কার্যক্রমও অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত চিকিৎসাকেন্দ্রগুলো থেকে ৩৪ হাজার ৩৭০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৭ হাজার ৯৮৮টি সেবা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি সৌদি আরবে সমবেত হয়েছেন।