ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছাড়ার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে লেখা তিন পৃষ্ঠার পদত্যাগপত্র সঙ্গে নিয়ে গিয়েছিলেন বলে দাবি করেছেন দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
রোববার (৩১ মে) ইউটিউবভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য পোস্ট’-এ দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
মতিউর রহমান চৌধুরীর ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা পদত্যাগপত্র প্রস্তুত করলেও সেটি আনুষ্ঠানিকভাবে জমা দিতে পারেননি। তিনি দাবি করেন, শেখ হাসিনা নিজের হাতে তিন পৃষ্ঠার একটি পদত্যাগপত্র লিখেছিলেন এবং পরে সেটি তার ভ্যানিটি ব্যাগে করে সঙ্গে নিয়ে যান।
সাক্ষাৎকারে তিনি বলেন, ওই পদত্যাগপত্রে শেখ হাসিনা দেশের জন্য তার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের উল্লেখ করেছিলেন। শেষে পদত্যাগের কারণও সেখানে লিখেছিলেন বলে দাবি করেন তিনি।
মতিউর রহমান চৌধুরী আরও বলেন, পদত্যাগপত্রটি টাইপ করার জন্য বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একজন কর্মীর দায়িত্ব পাওয়ার কথা ছিল। তবে পরিস্থিতির দ্রুত অবনতির কারণে সেটি আর সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।
তার দাবি, ওই সময় গণভবনে অবস্থানরত কর্মকর্তারা ওয়াকি-টকির মাধ্যমে আন্দোলনকারীদের অগ্রগতির তথ্য পাচ্ছিলেন। আন্দোলনকারীরা গণভবনের কাছাকাছি পৌঁছে যাওয়ায় শেখ হাসিনাকে দ্রুত স্থান ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তড়িঘড়ি করে বের হওয়ার সময় শেখ হাসিনা একটি ব্যাগ কক্ষে রেখে যান। পরে গাড়িতে ওঠার সময় তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেলকে ব্যাগটি নিয়ে আসতে বলেছিলেন বলে দাবি করেন।
তবে মতিউর রহমান চৌধুরীর এসব বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট কোনো সরকারি বা আনুষ্ঠানিক সূত্র থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া তার উত্থাপিত দাবিগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন