পদ্মা ও যমুনা সেতু দিয়ে চলাচলকারী যানবাহন থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায় করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
রোববার (৩১ মে) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি ও সমন্বিত ব্যবস্থাপনার ফলে এই টোল আদায় সম্ভব হয়েছে।
এর মধ্যে পদ্মা সেতুতে ২১ থেকে ৩০ মে পর্যন্ত ১০ দিনে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় মোট টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা।
একই সময়ে যমুনা সেতুতে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে মোট টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, কার্যকর ব্যবস্থাপনার ফলে ঈদুল আজহার ছুটিতে যাত্রীদের জন্য সড়কপথে নিরাপদ, মসৃণ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করা সম্ভব হয়েছে।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করছেন। এ ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীও সার্বক্ষণিক মনিটরিং করেছেন, যার ফলে ঈদযাত্রা আরও সুশৃঙ্খল হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন