গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার সাংবাদিককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নিয়ে সংবাদ সংগ্রহ করছিলেন স্টার নিউজের গাজীপুর প্রতিনিধি হোসাইন আলী বাবু। সংবাদ সংগ্রহ শেষে তিনি গাজীপুরের চান্দনা চৌরাস্তা পুলিশ বক্সে বসে প্রয়োজনীয় কাজ করছিলেন। এ সময় এক যুবক হঠাৎ সেখানে প্রবেশ করে তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলার সময় সাংবাদিকের চিৎকার শুনে পুলিশ বক্সে দায়িত্বরত এক পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় হামলাকারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
আটক যুবকের নাম মোহাম্মদ জুয়েল বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে হামলার প্রকৃত কারণ ও ঘটনার নেপথ্যের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
হামলার শিকার সাংবাদিক হোসাইন আলী বাবুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য জানান, ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলার কারণ উদঘাটন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।
সাংবাদিকের ওপর এ হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল উদ্বেগ প্রকাশ করেছে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন