ভারতীয় জলসীমায় আটক ৯১ জেলেকে ৪টি ফিশিং বোটসহ পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।
সোমবার (৮ জুন) দুপুরে কোস্ট গার্ড বেইস মোংলায় জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। গেল বছরের ১৬ ও ১৭ ডিসেম্বর এবং চলতি বছরের ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ৪ দফায় ভারতীয় কোস্টগার্ড ৪টি ফিশিং ট্রলারসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে।
কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার যুদ্ধ জাহাজ বিসিজিএস কামরুজ্জামানের অধিনায়ক কমান্ডার শাহ্ কামরুজ্জামান জানান, ভারতীয় জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অপরাধে চার দফায় ৯১ জেলেকে আটক করেছিল ভারতীয় কোস্টগার্ড। পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোটসমূহ বাংলাদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৭ জুন) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জন বাংলাদেশে জেলেকে ৪টি ফিশিং বোটসহ গ্রহণ করা হয়।
পরবর্তীতে তাদেরকে সোমবার বোটসহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের ফলে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম অধিকতর গতিশীল ও সহজতর হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও দেশের জেলেদের স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রে নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান এই কর্মকর্তা।
এ দিকে দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন ভারতের জেলে আটকে থাকা জেলেরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন