সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৩৩ শিশু।
শনিবার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৩৮টি শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। ফলে হাম ও হামের উপসর্গে এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩১ জনে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১০১ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৭৩২ শিশু। অর্থাৎ এ সময়ে মোট আক্রান্তের সংখ্যা ৮৩৩।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬৭৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ জুলাই পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৬৯৩ জন। এদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৫২৬ জন। মোট ৮৭ হাজার ৯৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
এ ছাড়াও চিকিৎসা শেষে ৮৪ হাজার ২১৮ জন হাসপাতাল ছেড়েছেন বাড়ি ছিরেছেন।

