ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জীবন ও সম্পদ রক্ষার দায়িত্বে নিয়োজিত এই সেবাধর্মী প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।
রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত ‘মহাপরিচালকের প্রশংসা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রশাসনিক ও অপারেশনাল কাজে বিশেষ অবদান রাখায় দেশের বিভিন্ন ইউনিট থেকে নির্বাচিত ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীকে ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া, সনদপত্র এবং অর্থ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত হলে মহাপরিচালককে অভিবাদন জানান পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার। পরে সদ্যপ্রয়াত ডুবুরি সাদিকের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফউল্লাহ পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।
স্বাগত বক্তব্যে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) কর্মকর্তা-কর্মচারীদের অবদানের প্রশংসা করেন। সম্মাননা পাওয়া কর্মকর্তাদের পক্ষ থেকে নেত্রকোনার উপসহকারী পরিচালক জাকির হোসেন প্রতিক্রিয়ায় বলেন, ‘মহাপরিচালকের প্রশংসা’ পুরস্কার চালু করায় তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে সারা দেশের প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমে মহাপরিচালকের নিবিড় তদারকিরও প্রশংসা করেন।
পরে পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া ও অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের বন্যা ও ভূমিধসে ফায়ার সার্ভিসের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’
এ সময় পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভাগীয় উপপরিচালক ও জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত হন। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন