তরুণ সমাজকে মাদক ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে আয়োজিত ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ভ্যালেরিয়ন এআরসি লিমিটেড এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ‘আহবান’ যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই ক্রীড়া ও বিনোদনমূলক উৎসবের অন্যতম আকর্ষণ ছিল প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে বিশেষ ফুটবল টুর্নামেন্ট।
মন্ত্রী বলেন, একটি সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হলে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাকে আরও বিস্তৃত করতে হবে।
তিনি এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের মূলধারার ক্রীড়ায় সম্পৃক্ত করার উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং সবাইকে সমানভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) চ্যাম্পিয়ন এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রানারআপ হওয়ার গৌরব অর্জন করে
পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি দলকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। এতে উপস্থিত খেলোয়াড়, শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
আয়োজকদের ভাষ্য, খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, অন্তর্ভুক্তি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’-এর মূল লক্ষ্য। বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের অংশগ্রহণ এ আয়োজনকে আরও অর্থবহ ও মানবিক করে তুলেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন