ওসমান হাদিকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় হত্যাচেষ্টায় ব্যবহৃত তিনটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সল করিম মাসুদের বাবাকে নরসিংদীতে ফয়সলের শ্বশুরবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় একটি পুকুর থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত তিনটি অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে বিজয়নগর এলাকায় হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। তিনি একটি রিকশায় যাচ্ছিলেন, এ সময় মোটরসাইকেলে আসা দুইজনের একজন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিতে হাদির মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গুলির ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন— ফয়সল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শুটার) এবং আলমগীর হোসেন (মোটরসাইকেল চালক)।
ইতিমধ্যে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ফয়সল করিম মাসুদের স্ত্রী, প্রেমিকা ও শ্যালককে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। ঘটনার পেছনের উদ্দেশ্য এবং অন্য জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন