ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০২:৪৬ পিএম
বাংলাদেশের হাইকমিশনারকে তলব। ছবি- সংগৃহীত

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এটি ঘটেছে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার দুই দিনের মাথায়।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের দূতকে তলব করা হয়। দিল্লির একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশনে সাম্প্রতিক হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ‘ভারতবিরোধী’ বক্তব্যের প্রতিবাদ জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনারকে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ (ডিপ্লোম্যাটিক প্রোটেস্ট) জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন নেতার সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই নেতা হুমকি দিয়েছিলেন যে, ঢাকা ভারতের দিল্লিবিরোধী শক্তিকে আশ্রয় দেবে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে (সেভেন সিস্টার্স) মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করতে সহায়তা করবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছিলেন, ওই হামলায় অভিযুক্তদের ভারত মদদ দিচ্ছে। তবে ভারত এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে নাকচ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমরা আশা করি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল। তলবের সময় তাকে শেখ হাসিনাকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়া অব্যাহত রাখার অনুমতি দেওয়ার বিষয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়। এ ছাড়া শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানানো হয়।