ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গণমাধ্যমে সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার নির্দেশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৪:৩৯ পিএম
ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলে সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৭ ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠান।

এতে নির্বাচনকালে সব টেলিভিশন চ্যানেলের ভূমিকা ও দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ করা হয়।

নির্দেশনায় বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে অনুকূল পরিবেশ সৃষ্টি অপরিহার্য। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে গণমাধ্যমে আয়োজিত অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো, সংলাপ প্রচারে সব রাজনৈতিক দল এবং প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে।

তাতে উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ২৫ অনুযায়ী; নির্বাচনে অংশগ্রহণকারী দলের প্রতিনিধি বা প্রার্থী টিভি চ্যানেলে সংলাপে অংশ নিতে পারবেন। তবে কেউ প্রতিপক্ষকে আক্রমণ করে বক্তব্য দিতে পারবেন না।

ইসি জানায়, টিভি চ্যানেলে নির্বাচনি সংলাপ, অনুষ্ঠানে সব প্রার্থী যেন সমান সুযোগ পান সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

পাশাপাশি কোনো রাজনৈতিক দল বা প্রার্থীকে হেয় প্রতিপন্ন করে, এমন কটূক্তি প্রচার করা যাবে না। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।