ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:০১ পিএম
শরিফ ওসমান হাদি। ছবি- সংগৃহীত

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানায়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। 

এতে আরও বলা হয়, রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার পর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি।