বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় আব্দুস সবুর (১৩) নামে এক মাদ্রাসাছাত্র আট দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে দুপচাঁচিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ আব্দুস সবুর উপজেলার চক-আলতাফ গ্রামের আজিজার রহমানের ছেলে। তিনি তালোড়া জামিয়া ইসলামিয়া দারুল উলূম (লুৎফর রহমান) কওমি মাদ্রাসার ইবতেদায়ী শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ জুন শুক্রবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে তালোড়া নাগর নদের সেতু-সংলগ্ন বাসার নিচ থেকে নিখোঁজ হয় সবুর। নিখোঁজ হওয়ার সময় তার মাথায় সাদা টুপি, গায়ে জলপাই রঙের পাঞ্জাবি এবং পায়ে একই রঙের স্যান্ডেল ছিল। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল স্বাভাবিক এবং মাথার চুল ছোট।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকেই আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানো হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে গত ২২ জুন তার বাবা আজিজার রহমান দুপচাঁচিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০৪১) করেন।
নিখোঁজ শিক্ষার্থীর বাবা আজিজার রহমান বলেন, “আমার ছেলেকে খুঁজে পেতে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। কিন্তু এখনো কোনো সন্ধান পাইনি। প্রশাসনের পাশাপাশি সবার সহযোগিতা কামনা করছি।”
দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান বলেন, জিডির ভিত্তিতে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ আব্দুস সবুরের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

