চট্টগ্রাম থেকে চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৯ এপ্রিল শুরু হচ্ছে। এদিন বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
প্রথম ফ্লাইটটি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বোয়িং-৭৭৭ উড়োজাহাজে ৪১৯ জন যাত্রী থাকবেন।
এ বছর চট্টগ্রাম থেকে মোট ১৬টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ১২টি জেদ্দায় এবং ৪টি মদিনায় যাবে। সবগুলো ফ্লাইটই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে। গত বছর ফ্লাইট সংখ্যা ছিল ১৭টি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক বলেন, প্রথম ফ্লাইট পরিচালনায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যাত্রীদের বোর্ডিং, ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হয়েছে।
এ বছর চট্টগ্রাম থেকে প্রায় সাড়ে ৬ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন, যা গত বছরের তুলনায় কম। সংশ্লিষ্টরা বলছেন, কোটা হ্রাসসহ বিভিন্ন কারণে যাত্রীর সংখ্যা কমেছে।
হজযাত্রীদের সুবিধার্থে বিমানবন্দরে আলাদা হেল্পডেস্ক, অতিরিক্ত জনবল, দ্রুত ইমিগ্রেশন এবং চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। বয়স্ক যাত্রীদের জন্য হুইলচেয়ার ও সহায়ক কর্মীর ব্যবস্থাও রাখা হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন