ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের মা-বাবাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত দেড়টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
এতে বলা হয়, মঙ্গলবার ভোর সাড় ৫টার দিকে র্যাব-১০ ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) এবং মা মোছা. হাসি বেগমকে (৬০) গ্রেপ্তার করা হয়।
এদিকে সেদিনের ঘটনার পর ফয়সালের গতিবিধির চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। একটি সূত্র বলছে, হামলার দিন রাতে ফয়সাল রাজধানীর আগারগাঁওয়ে তার বোনের বাসায় যান। এর আগে একটি ব্যাগ ফাঁকা জায়গায় ফেলে দেন তিনি। পরে আবার ভাগনে জামিলের মাধ্যমে সেটি উদ্ধার করেন।
সূত্রটি আরও বলছে, ফয়সাল দুটি মোবাইল ফোন ব্যবহার করতেন। ঘটনার পর একটি ফেলে দেন অন্যটি মায়ের কাছে জমা দেন।
র্যাবের একটি সূত্র বলছে, ফয়সালের বাবা হুমায়ুন কবির একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে ছেলেকে পালিয়ে যেতে সাহায্য করেন এবং প্রয়োজনীয় অর্থ জোগান দেন। পরবর্তীতে এই দম্পতি নিজেদের পরিচয় গোপন রাখতে জুরাইন থেকে নতুন মোবাইল সিম কিনে কেরানীগঞ্জে ছোট ছেলের বাসায় আশ্রয় নেন।
গুঞ্জন আছে, হাদিকে সরাসরি গুলি করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সল করিম মাসুদ এবং তার মোটরসাইকেল চালক আলমগীর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন।
গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে চলন্ত মোটরসাইকেল থেকে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন