জয়পুরহাটের আক্কেলপুরে পারিবারিক কলহের জেরে পিতার ছুরিকাঘাতে মো. মারুফ হোসেন (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর শহরের নিচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মারুফ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। রোববার রাতে বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তার পিতা মো. রনি ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে আঘাত করেন। এতে মারুফ গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন