ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আমরা যেন আর অবহেলিত না থাকি : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৬:৪৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে লক্ষ্মীপুর বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছে। এখন সেই অবস্থা কাটিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার সময় এসেছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছি। আমরা যেন আর অবহেলিত বা উপেক্ষিত না থাকি। চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের মাধ্যমে প্রমাণ হয়েছে, বিএনপি চাইলে উন্নয়ন সম্ভব।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক এ্যানি বলেন, গত কয়েক বছরে জেলার সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম পিছিয়ে পড়েছে। তবে এখন এসব খাতে বড় পরিসরে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও জানান, লক্ষ্মীপুরে একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, লক্ষ্মীপুর জজ আদালতের পিপি আহমেদ ফেরদৌস মানিক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।