ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুর্নীতির বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে সরকার : পানিসম্পদমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৪:৪১ পিএম
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধ একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পটি পানি মন্ত্রণালয় সরাসরি তদারকি করছে এবং বাঁধ নির্মাণ যাতে সুন্দর ও দুর্নীতিমুক্ত হয়, সেদিকে সরকারের সর্বোচ্চ নজরদারি থাকবে।

মন্ত্রী বলেন, বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি ও অনিয়ম দেখা গেছে। ভবিষ্যতে তা যেন না ঘটে, সে জন্য আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। খাল খনন, নদী খনন এবং বাঁধ নির্মাণের কাজগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব। সরকার এই প্রকল্পগুলোতে কেউ যাতে দুর্নীতি করতে না পারে, তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এসেছি। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এই অঞ্চলের মানুষ ও কৃষকদের খোঁজখবর রাখছেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ অ্যাড. নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ কলিম উদ্দিন মিলন এবং সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।