ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মডেল তিন্নির আত্মহত্যা: নীরবে চলে যাওয়া থেকে আমাদের শেখা

ডাঃ লুৎফুন নাহার 
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৯:১৫ পিএম
মডেল তিন্নি। ছবি : সংগৃহীত

২০০২ সালে মডেল তিন্নির আত্মহত্যার খবরে আমাদের সমাজকে তাৎক্ষণিকভাবে একটি কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। সেই প্রশ্নটি হচ্ছে, আমরা কি মানুষের ভেতরের কষ্টগুলো সত্যিই দেখতে পাই? বাহ্যিক সাফল্য, পরিচিতি কিংবা স্নিগ্ধ হাসির আড়ালে যে গভীর মানসিক সংকট লুকিয়ে থাকতে পারে, এই ঘটনাটি তারই এক বেদনাদায়ক স্মারক।

তিন্নি ছিলেন একজন সুপরিচিত মুখ। গ্ল্যামার, আত্মবিশ্বাস ও সফলতার যে ছবি আমরা পর্দায় দেখি, প্রাত্যাহিক জীবনে সেটা সবসময় বাস্তবতার প্রতিচ্ছবি নয়, এ কথা আমরা প্রায়ই ভুলে যাই। সমাজের প্রত্যাশা, ব্যক্তিগত সম্পর্কের টানপোড়ন, মানসিক একাকিত্ব কিংবা না-বলা কষ্ট, এসব কারণ মানুষের ভেতর তীব্র মানসিক সংকট তৈরি করতে পারে। কিন্তু এসব সংকট সবসময় দৃশ্যমান হয় না।

তিন্নির আত্মহত্যার ঘটনায় তার ব্যক্তিগত জীবনকে বিশ্লেষণ করার চেয়ে আমাদের জন্য জরুরি হলো এই দুঃখজনক ঘটনা থেকে সচেতনতামূলক শিক্ষা নেয়া। প্রথমত, মানসিক কষ্টকে হালকাভাবে না নেওয়া যেটা একটি জীবনের জন্য বড় পার্থক্য গড়ে দিতে পারে।

দ্বিতীয়ত, মানসিক সাহায্য চাওয়াকে স্বাভাবিক বিষয় হিসাবে দেখা। আমাদের সমাজে এখনো মনে করা হয় মানসিক সমস্যায় সাহায্য নেওয়া মানেই ব্যর্থতা। এই ধারণা ভাঙতে হবে। যেমন আমরা শরীর অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, তেমনি মন ভেঙে পড়লে কাউন্সেলর, মনোরোগ বিশেষজ্ঞ বা বিশ্বাসযোগ্য কারও সাহায্য নেওয়া স্বাভাবিক ও প্রয়োজনীয়।

তৃতীয়ত, সোশ্যাল মিডিয়ায় ও জনপরিসরে সংবেদনশীল আচরণ জরুরি। কোনো আত্মহত্যার ঘটনায় গুজব, অতিরঞ্জন বা ব্যক্তিগত জীবনের কাটাছেঁড়া কেবল পরিস্থিতিকে আরও ক্ষতিকর করে তোলে। আমাদের উচিত সম্মান, নীরবতা এবং দায়িত্বশীল ভাষা বজায় রাখা।

মডেল তিন্নির মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় মানুষের জীবন একমাত্রিক নয়। সফলতা, সৌন্দর্য বা জনপ্রিয়তা মানসিক নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না। তাই পরিবার, বন্ধু, সহকর্মী, সব সম্পর্কেই সহানুভূতিশীল হওয়া দরকার। 

বাস্তবতা হচ্ছে, তিন্নির চলে যাওয়াকে আর ফিরিয়ে আনা যাবে না। কিন্তু এখন থেকে যদি আমরা মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে শিখি এবং আরো সচেতন ও মানবিক হই, তাহলে এভাবে কাউকে হারানোর ঘটনার সংখ্যা অনেক কমে আসবে। নীরব কষ্ট যেন আর নীরব মৃত্যুতে রূপ না নেয়, এই হোক আমাদের অঙ্গীকার।

লেখক: মনোরোগ বিশেষজ্ঞ