ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পর এবার আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকেও কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ পাঠানো হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারীকে পাঠানো পৃথক চিঠিতে বলা হয়েছে, মো. নাসীরুদ্দীন পাটওয়ারী আপনি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত ঢাকা-৮ আসনের বৈধ প্রার্থী। ওই আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার বিশাল আকৃতির রঙিন ছবি, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী পরিচয় এবং গণভোটে হ্যাঁ বলি—এ ধরনের স্লোগান সংবলিত বিলবোর্ড রিটার্নিং কর্মকর্তার দৃষ্টিগোচর হয়েছে, যা আচরণবিধির লঙ্ঘন।
এতে বলা হয়েছে, সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ সপ্তাহ সময়ের আগে কোনোপ্রকার নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন না। এই অবস্থায় আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সমস্ত বিলবোর্ড অপসারণের জন্য আপনাকে অনুরোধ করা হলো।
শোকজ নোটিশে বলা হয়েছে, এ ঘটনায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে আপনি নিজে বা আপনার প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলের জন্য অনুরোধ করা হলো।


