ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ৪ দিনের কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৮:৫৬ পিএম
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রশিবির। ছবি- সংগৃহীত

দীর্ঘ ২৮ বছর পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। নির্বাচন স্থগিতের প্রতিবাদে সারা দেশে ৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার রাতে ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা প্রকাশ করা হয়। ঘোষণায় বলা হয়েছে, শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং নির্বাচনের বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হবে।

কর্মসূচির সূচি:

  • ২০ জানুয়ারি: সকল ক্যাম্পাসে মানববন্ধন ও মহানগরীতে বিক্ষোভ মিছিল
  • ২১ জানুয়ারি: সকল জেলায় বিক্ষোভ মিছিল
  • ২২ জানুয়ারি: সকল উপজেলায় বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি: ঢাকা মহানগরে বিক্ষোভ মিছিল

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল।

হাইকোর্টের আজকের আদেশে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ নির্বাচন স্থগিত করেছেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

ব্যারিস্টার রাশনা ইমাম জানিয়েছেন, নির্বাচন কমিশনের অনুমোদিত শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য হাইকোর্ট স্থগিত করেছেন। ফলে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে না এবং চার সপ্তাহ পর যেকোনো সময়ে এটি হতে পারে।